ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে দিলেন আওয়ামী লীগ কর্মী

চুয়াডাঙ্গায় বিএনপিকে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় হাসানুজ্জামান (৩১) নামে এক ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সুলতানের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৩ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড় এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত হাসানুজ্জামান একই উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত অপর দুজন হলেন একই এলাকার সিরাজুল ইসলাম (৪২) ও হাসান আলী (৩২)। আহত তিনজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামান অভিযোগ করে বলেন, রাতে চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এ সময় চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও দলের স্থানীয় নেতৃত্ব নিয়ে বাজে মন্তব্য করেন। আমি প্রতিবাদ করলে তিনি উত্তেজিত হয়ে দোকানের কেটলিভর্তি ফুটন্ত গরম পানি আমার গায়ে ঢেলে দেন। আমাকে বাঁচাতে গেলে পাশে থাকা সিরাজুল ও হাসানের গায়েও গরম পানি পড়ে। এতে তাদের শরীরও ঝলসে যায়।
অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে এবং দলটির সক্রিয় কর্মী বলে জানা গেছে। এ বিষয়ে সুলতানের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, ওই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।