logo

২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
উদ্ধার করা ভারতীয় মদ ও গ্রেপ্তার পাঁজন। ছবি : পুলিশের সৌজন্যে

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তাকে ছাড়াও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়।

এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি দল বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।

এদিকে গ্রেপ্তার ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছি। আজকের মধ্যেই সাংগঠনিক ব্যবস্থা নেব।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।