চাঁদপুরে যমজ ভাই-বোন পেলেন জিপিএ-৫

এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যমজ ভাই-বোন মো. আহাদ খাঁন ও লামিয়া খাঁন জিপিএ-৫ পেয়েছে। একই পরিবারের দুই সন্তানের এমন কৃতিত্বপূর্ণ অর্জনে পরিবার, স্বজন ও শিক্ষকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
মো. আহাদ খাঁন ও লামিয়া খাঁন উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের মো. হেলাল উদ্দিন খাঁন ও ফারজানা লাভলী দম্পতির সন্তান। তাদের বাবা ঢাকায় একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।
যমজ ভাই-বোন এবার স্থানীয় আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রকাশের পর তাদের এই জোড়া সাফল্যের খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে আহাদ খাঁন ও লামিয়া খাঁন বলে, ভালো ফলাফলের পেছনে আমাদের বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে দুজনই চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।
সন্তানদের সাফল্যে আবেগপ্লুত বাবা মো. হেলাল উদ্দিন খাঁন বলেন, ছেলে-মেয়ে দুজনের পড়াশোনার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। একসঙ্গে দুজনের এই ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। ওদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।
আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের প্রতিষ্ঠানের দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আহাদ ও লামিয়ার এই সাফল্য শুধু তাদের পরিবারের নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য গৌরবের। আমরা তাদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
.png)


