তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল
তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের তারাগঞ্জের সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধার থেকে একটি মাথার খুলি ও পচে যাওয়া মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তারা ক্যানেলের ধারে এগিয়ে গেলে প্রথমে একটি মাথার খুলি এবং পরে ঝোপঝাড়ে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়েছে। কঙ্কালের মাথার খুলির কাছের ঘাস রক্তের মতো রং ধারণ করেছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে মাথার খুলি ও দেহের কয়েকটি অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ক্রাইম সিন ইউনিট আসছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।