ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল প্রভাষকসহ ২ জনের

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন শিপা আক্তার, তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, দুপুরে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সারোয়ার কাইয়ুম নিহত হন।
এ ঘটনায় আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তার নামে আরেকজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।