মাদক পাচারবিরোধী এমপির অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ নিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। এ সময় ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একটি পিকআপ ভ্যান থেকে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বাগড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে বিষয়টি করেছেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ।
পুলিশ জানায়, সীমান্তবর্তী শশিদল এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে মাদক পরিবহনের গোপন তথ্য পান সংসদ সদস্য জসিম উদ্দিন। পরে তিনি নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে অংশ নেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও কুমিল্লা ডিবি যৌথভাবে বাগড়া এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দ করে।
অভিযানে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
অভিযান চলাকালে হাজী জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, এমপির তথ্যমতে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।