logo

একটি দল আবারও ফ্যাসিবাদী হতে চায় : ডাকসুর জিএস ফরহাদ

একটি দল আবারও ফ্যাসিবাদী হতে চায় : ডাকসুর জিএস ফরহাদ

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না মন্তব্য করে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ হোসেন বলেছেন, একটি দল আবারও ফ্যাসিবাদী হতে চায়। যারা হাসিনাবাদী ব্যবস্থা কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ে নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। 

এস এম ফরহাদ হোসেন একটি দলকে উদ্দেশ করে বলেন, উল্টাপাল্টা বুঝিয়ে তারা ভোট বাড়িয়ে নিতে চায়, আপনারা ফ্যামিলি কার্ডের কথা শুনছেন। আমরা আমাদের পরিবার‌গুলোর সমস্যা হিসেবে চিহ্নিত করতে পারি না। এ দেশের প্রত্যেক নাগরিক জানেন একেক পরিবারের একেক সমস্যা, কার্ড দিয়ে সেই সমস্যা সমাধান হয় না। এখন আমাদের উল্টাপাল্টা বুঝিয়ে তারা ভোট বাড়িয়ে নিতে চায়, যে জিনিসটা জাকসু থেকে জকসু কোথাও পায় নাই। এগুলো থেকে আমরা প্রতারিত হব না। 

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম জুলাই শহীদদের যে বিনিময়, সেই বিনিময়ের কারণ হিসেবে জুলাই সনদটা পাব। আমরা আগামীতে বাংলাদেশে আর ফ্যাসিবাদ দেখতে পাব না। কিন্তু একটি দল আবারও ফ্যাসিবাদ হতে চায়। তারা কোনোরকম গণভোট নিয়ে দায়সারা বক্তব্য প্রদান করে। এখন পর্যন্ত তাদের নেতাকর্মীরা গ্রাম-গঞ্জে গণভোটের বিপক্ষে কথা বলে। এবার দুইটা ভোট হবে একটা হ্যাঁ ভোট, দ্বিতীয় ভোট হবে একমাত্র মার্কা দাঁড়িপাল্লার। আগামীতে যে মার্কা জিতবে সেটা হচ্ছে ইনসাফের মার্কা।

নির্বাচন নিয়ে গুজব ছড়ানো বিষয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত গুজবের ধারাবাহিকতা চলবে। আমরা গুজবের চূড়ান্ত জবাব আগামী ১২ তারিখ দেব ইনশাআল্লাহ।

জামালপুর জেলা জামায়তের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়ালের সঞ্চালনায় ও সদর-৫ আসনের এমপি প্রার্থী, জেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতারা।