মেহেরপুরে ‘ভোটের রিকশা’র উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে মেহেরপুরে ভোটের রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বাড়ানো এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই ‘ভোটের রিকশা’ কর্মসূচি চালু করা হয়েছে। এ উদ্যোগ নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ভোটের রিকশার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হবে।