ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে হারানো হয়েছে: এ টি এম মাছুম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ফেনী শহরের দারুল ইসলাম মিলনায়তনে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘রুকন শিক্ষা শিবির’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ টি এম মাছুম বলেন, জনগণ জামায়াত জোটকে ভোট দিলেও দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। যা আজ দেশবাসীর কাছে দিবালোকের মতো পরিষ্কার।
তিনি বলেন, বর্তমান সরকারের গত দুই মাসের কার্যকলাপে জনগণের মধ্যে এই ধারণা প্রকট হচ্ছে যে—ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে।
ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আমির মো. ইসহাক খোন্দকার, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক ফেনী জেলা আমির এ কে এম শামছুদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং মাওলানা মাহমুদুল হক।
শিক্ষা শিবিরের শুরুতে কোরআনের দারস পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে শহর শাখার প্রায় ৩০০ জন রুকন অংশগ্রহণ করেন। এতে সংগঠনের আদর্শ, কর্মপদ্ধতি, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।