বিলে মিলল চালকের লাশ, খোঁজ মেলেনি অটোরিকশার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় একটি বিল থেকে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের কৈখালি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মান্নান (৪৫) গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের গ্যাদা মুন্নার ছেলে। তবে তার ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি এখনও উদ্ধার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মান্নান। সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি সিএনজি স্ট্যান্ডে তাকে দেখেন তার সহকর্মীরা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা কৈখালি বিলে তার লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে আব্দুল মান্নানকে হত্যা করার পর তার সিএনজিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






