logo

নোয়াখালীতে কলেজের দুই শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে কলেজের দুই শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল
দুই শিক্ষকের হাতাহাতি। ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এক সহকারী অধ্যাপকের মধ্যে হাতাহাতির ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে প্রায় তিন মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি গত ৯ এপ্রিল কলেজের শিক্ষক মিলনায়তনে ঘটেছিল বলে জানা গেছে।

ঘটনায় জড়িত দুই শিক্ষক সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তাদের মধ্যে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী মোহাম্মদ মামুনুর রশীদ ৩২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। আরেকজন সহকারী অধ্যাপক নুরুল হক মিলন ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা।

কলেজসংশ্লিষ্টদের ভাষ্য, ভিন্ন ব্যাচের দুই ক্যাডার কর্মকর্তার মধ্যে দীর্ঘদিনের পেশাগত মতবিরোধ ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের জের ধরে এ ঘটনা প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশীদ অধ্যক্ষের জন্য নির্ধারিত আসনে বসে আছেন। তার পাশে ছিলেন সহকারী অধ্যাপক নুরুল হক মিলন ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, শিক্ষক ডরমিটরির পানির ফিল্টার দীর্ঘদিন ধরে নষ্ট ছিল। বিষয়টি একাধিকবার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। গত ৯ এপ্রিল বিষয়টি আবারও উত্থাপন করা হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক নুরুল হক মিলনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক নুরুল হক মিলন বলেন, পানির ফিল্টার মেরামতের বিষয়ে কথা বলতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরূপ প্রতিক্রিয়া দেখান। তিনি উঠে এসে হামলা চালান।

অভিযোগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, ঘটনাটি নিয়ে তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে।