logo
Advertisement

নামাজে যাওয়ার পথে একই পরিবারের তিনজন হামলায় আহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,খুলনা
নামাজে যাওয়ার পথে একই পরিবারের তিনজন হামলায় আহত
পাইকগাছা থানা। ছবি : এশিয়া পোস্ট

খুলনার পাইকগাছায় জমিজমা ও মাছের ঘেরের ইজারা (হারি) নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এশার নামাজ পড়তে যাওয়ার পথে একই পরিবারের তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে শহীদ দর্জির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে ইবাদুল হক (৫২), তার ভাই বক্তিয়ার রহমান ও ছেলে সাকিবুল হাসান আহত হয়েছেন।

আহত ইবাদুল হক কমলাপুর গ্রামের মৃত সহিল উদ্দিন গাজীর ছেলে। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাপ্পি, হাবিল গাজী, বাবু সানা ও রাসেল তাদের ওপর বাঁশ, কাঠ ও স্ল্যাব দিয়ে হামলা চালান। হামলায় সাকিবুলের কান ও মাথায় এবং ইবাদুলের মাথায় গুরুতর জখম হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের ছাড়পত্রে ইবাদুলের শারীরিক অবস্থাকে 'হেড ইনজুরি ফলোয়িং হিস্ট্রি অব ফিজিক্যাল অ্যাসল্ট' উল্লেখ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) রেফার করা হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। সাকিবুলের কানে সেলাই দিতে হয়েছে বলেও তারা জানান।

ইবাদুলের বড় ভাই বক্তিয়ার রহমান জানান, প্রায় দেড় বিঘা জমি ও মাছের ঘেরের ইজারার টাকা নিয়ে চার বছর ধরে ওই পক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছে। তাদের দাবি, নিজেদের জমিতে অন্য পক্ষ ঘের করলেও আয় বা পাওনা নিয়মিত দিচ্ছে না। স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও এ বিরোধ মেটানো যায়নি।

বক্তিয়ার রহমান আরও বলেন, ঘটনার দিন স্থানীয় এক রাজনৈতিক নেতার মধ্যস্থতায় শালিসে তাদের ডাকা হয়। তবে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় বৈঠকটি বাতিল হয়। সেখান থেকে সরে এসে এশার নামাজে যাওয়ার পথে নির্মাণাধীন মসজিদের সেন্টারিংয়ের বাঁশ, কাঠ ও স্ল্যাব নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি উল্লেখ করে বক্তিয়ার রহমান জানান, তারা আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েছে।