মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের জামে মসজিদের টাকা দীর্ঘদিন ধরে গ্রামের মাসুক মিয়ার কাছে রয়েছে। গ্রামবাসী মসজিদের টাকার হিসাব ও টাকা দেওয়ার জন্য তাগিদ দিলেও টাকা দেননি মাসুক মিয়া। এ নিয়ে গ্রামের একটি পক্ষের লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল।
শনিবার দুপুরে আবারও মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ফজল মিয়া নিহত হন। আহত হন উভয়পক্ষের কয়েকজন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ময়না মিয়া বলেন, পুরান নোয়াকোট গ্রামের জামে মসজিদের টাকার হিসাব নিয়ে দুপক্ষের মারামারিতে ফজল মিয়া মারা গেছেন। উভয়পক্ষের কয়েক জন আহত হয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে গ্রামের মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফজল মিয়া নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।