logo

তরুণীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ২

তরুণীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ২
সীতাকুণ্ড মডেল থানা। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (২১ অক্টোবর) তরুণীর মা মনি রানী সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামিরা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকিলপুর গ্রামের সঞ্জয় কুমার ঘোষ (৩৮), মীরেরহাট জাফরনগর মণ্ডলবাড়ির আলাউদ্দিন (৪০) এবং সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বারবাড়ির রায়হান উদ্দিন (২৫)। এদের মধ্যে পুলিশ সঞ্জয় ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে তার মায়ের সঙ্গে মালিনীর কাজ করতেন। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলাউদ্দিন ও রায়হান তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে জাফরনগর স্কুলের পাশে নিয়ে যান।

সেখানে পৌঁছানোর পর আলাউদ্দিন মুঠোফোনে সঞ্জয় কুমার ঘোষকে ডেকে আনেন। অভিযুক্তরা তরুণীকে অনৈতিক প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে আসামিরা তার মুখ গামছা দিয়ে বেঁধে তিনজনে মিলে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের পর তরুণীকে ঘটনাস্থলে ফেলেই অভিযুক্তরা পালিয়ে পড়েন।

পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী তরুণী বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানান। ঘটনা শুনে তার মা সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।