সাবেক স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর পেটে ছুরি চালালেন যুবক

বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে তুলসি রায় (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে তার বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তুলসি রায় কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের সঙ্গে তুলসির ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবুর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তুলসি। একপর্যায়ে বাবুর স্ত্রীর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান তুলসি। পরে তারা বিয়ে করেন। বাবুর ওই স্ত্রী দুই সন্তানের মা।
এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। স্থানীয় সূত্রের ভাষ্য, বাবু তার স্ত্রীকে ফিরিয়ে দিতে তুলসিকে অনুরোধ করেছিলেন। তবে তাতে কাজ হয়নি।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার জেরে রোববার রাতে কুঠিবাড়ি গ্রামের সড়কে তুলসির পেটে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু রায় ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

