স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে পাচার হচ্ছিল ইয়াবা

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে পাচার হচ্ছিল ইয়াবা
পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও আটক তিনজন। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা, চারটি ফোন ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রামু রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম এবং ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি পোটলা থেকে ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আটক তিনজনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

তিনি আরও জানান, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এ কৌশল অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, এ-সংক্রান্ত কোনো আসামিকে কেউ থানায় হস্তান্তর করেনি।