‘বাড়ির ইটও থাকবে না’ হুমকি দেওয়া ছাত্রদল নেতাকে শোকজ

ব্যবসায়ীর বাড়িতে গিয়ে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল সাংগঠনিক পদে আসীন থেকে শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
জানা গেছে, সম্প্রতি উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাঙ্গালপাড়া এলাকায় সাদ্দাম হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়ি গিয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হুমকি-ধমকি দেন রাফিজুল ইসলাম রবিন। সেই ঘটনার একটি ভিডিও তিনি নিজেই ফেসবুকে প্রকাশ করেন।
এ সময় রবিন ব্যবসায়ী সাদ্দামের মাকে বলেন, ‘আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকব না।’
ভুক্তভোগী ব্যবসায়ী সাদ্দাম হোসেনের অভিযোগ, রবিনের সহযোগী জাকারিয়ার সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে পুলিশে গ্রেপ্তার করানো হয় ও হুমকি-ধমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হলে ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
এ বিষয়ে জানতে রাফিজুল ইসলাম রবিনের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন জানান, ছাত্রদলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম বরদাশত করা হবে না। অভিযোগের বিষয়ে জবাব পাওয়ার পর তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


