২৬ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে ফিরলেন বাড়ি

২৬ বছরের শিক্ষকতা শেষে ফুলে সাজানো ঘোড়ার গাড়ি করে বাড়ি ফিরলেন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম একাডেমির সিনিয়র শিক্ষক (ইংরেজি) জাহাঙ্গীর আলম মোল্যা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মুসলিম একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে শুভকামনা জানান।
সব আনুষ্ঠানিকতা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা হন জাহাঙ্গীর আলম মোল্যা। পাশে ছিলেন সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীরা। দীর্ঘ শিক্ষকতা জীবনের সঙ্গী প্রতিষ্ঠান, সহকর্মী এবং শিক্ষার্থীদের কাছ থেকে এমন ব্যতিক্রমী বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
জাহাঙ্গীর আলম মোল্যা বলেন, মুসলিম একাডেমি আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়, এটি আমার জীবনের একটি বড় অংশ। দীর্ঘ ২৬ বছর এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়ের প্রতিটি দিন, প্রতিটি শ্রেণিকক্ষ এবং প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে।
২০০০ সালের ১১ মে মুসলিম একাডেমিতে শিক্ষক হিসেবে যোগ দেন জাহাঙ্গীর আলম। দীর্ঘ এই পথচলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে গত ৩০ জুলাই। বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানানো হয়।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম একাডেমির প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ। বক্তব্যে শিক্ষক ও বক্তারা জাহাঙ্গীর আলম মোল্যার দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, একজন শিক্ষক কেবল শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তার চিন্তা, আদর্শ ও আচরণ শিক্ষার্থীদের জীবন গঠনে বড় ভূমিকা রাখে। জাহাঙ্গীর আলম মোল্যা দীর্ঘ ২৬ বছর ধরে সেই দায়িত্বই নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার জ্ঞান, আদর্শ ও নিবেদন শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

