নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে কামড়ে জখমের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে কামড়ে জখমের অভিযোগ
চিকিৎসা নিচ্ছেন সাখাওয়াত হোসেন। সোমবার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীর কান কামড়ে জখম করার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই সঙ্গে তাকে পিটিয়ে গুরুতর আহত করার খবরও পাওয়া গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক।

আহত সাখাওয়াত হোসেন গাজীপুর কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, ‘ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন বসাই। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফিরছি। পথে চারজন লোক মোটরসাইকেলে করে এসে আমাকে রাস্তা থেকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ি নিয়ে যায়। সেখানে দীর্ঘ এক ঘণ্টা আমাকে আটকে রাখে। পরে মহিউদ্দিনসহ আরও ছয় থেকে সাতজন কিল-ঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকে।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ওই বিএনপি নেতা তাকে না জানিয়ে সেখানে ড্রেজারমেশিন বসানোর কারণে আমার কান কামড়ে দেয়। দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় আমাকে। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিই।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া জানান, সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে। আমি ঘুমিয়ে যাচ্ছি। পরে ভিডিও বক্তব্যে বিস্তারিত জানানো হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।