ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ডিলারকে ভোক্তা-অধিকারের জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ফেনীতে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ‘মেসার্স মক্কা ট্রেডিং কর্পোরেশন’ নামে বিএম এলপিজি গ্যাসের এক ডিলারকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার নিয়মিত তদারকির অংশ হিসেবে শহরের সালাউদ্দিন মোড়, বিসিক ও বড় বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বিসিক এলাকায় অবস্থিত বিএম গ্যাসের ডিলার মেসার্স মক্কা ট্রেডিং পাইকারি পর্যায়েই তা ১ হাজার ৭৩০ টাকায় বিক্রি করছিলেন। প্রতিষ্ঠানটির মালিক ১ হাজার ৫৬০ টাকায় গ্যাস ক্রয়ের দাবি করলেও কোনো বৈধ ক্রয় ভাউচার দেখাতে পারেননি।
এছাড়া, অতিরিক্ত দামে বিক্রি করলেও তিনি খুচরা বিক্রেতাদের কোনো বিক্রয় ভাউচার প্রদান করতেন না। ক্রয় রশিদ না থাকায় খুচরা বিক্রেতারাও সাধারণ ভোক্তাদের কাছে ইচ্ছেমতো দামে গ্যাস বিক্রি করছিলেন, যার ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ ক্রেতারা।
এসব ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অভিযুক্ত ডিলারকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের পাশাপাশি কেনাবেচার প্রতিটি ধাপে ভাউচার সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ও বাজারে শৃঙ্খলা ফেরাতে এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
