জামালপুর/মানববন্ধনে হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এনসিপির অবস্থান

জামালপুরে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার প্রতিবাদে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে হামলার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন এনসিপি নেতারা। আহতদের মধ্যে জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে।
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় শুভর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হন।
তবে এ অভিযোগের বিষয়ে বাস মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



