খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের মিছিল, স্থানীয়দের ধাওয়া

খুলনার খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল হয়। তবে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুলের সামনে থেকে আনসার উদ্দিন সড়কের মুখ পর্যন্ত মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন খালিশপুর থানা কৃষক লীগের সভাপতি রতন শেখ। মিছিলে রায়হান সরদার, আকাশ সরদার, রাজু, এনামুল, জিকু, বাশার, মুন্না ও শোভনসহ ২০ থেকে ২৫ জন অংশ নেয়। এরমধ্যে এনামুল কাজীপাড়া-মুজগুনী এলাকার এবং বাশার ও শোভনের পেটকা বাজার এলাকার বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মিছিল চলাকালে পাশের একটি মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। এ সময় মসজিদ থেকে পাঁচ থেকে ছয়জন নামাজি বের হয়ে মিছিলকারীদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেন। একই সময় স্থানীয় এক চায়ের দোকানে থাকা কয়েকজন মোটরসাইকেল আরোহীও সেখানে আসেন। পরে মসজিদে নামাজরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন বের হয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। ফলে মিছিলকারীরা মিছিল সম্পন্ন না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে তারা মিছিল সম্পন্ন করতে পারেনি। মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।