logo

হাসিনার প্রস্থানে কষ্ট পাওয়ারাই ফ্যাসিবাদ চায় : আসিফ মাহমুদ

হাসিনার প্রস্থানে কষ্ট পাওয়ারাই ফ্যাসিবাদ চায় : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় যারা কষ্ট পায়, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের নেতা মা-বোনদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছেন, তাদের বিবস্ত্র করার হুমকি দিচ্ছেন। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা মা-বোনদের ইজ্জতের জন্য হুমকি দেবে, তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। 

তিনি বলেন, আমরা অনেক ধৈর্য ধরেছি। বিগত তিনটি নির্বাচনের মতো হলে আমরা এবার প্রতিরোধ গড়ে তুলব।

সরাইল জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খাঁর সভাপতিত্বে এ জনসভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আশরাফ উদ্দীন মাহদী। 

এছাড়া কুতুব উদ্দীন, আজিজুর রহমান লিটন, মাঈনুল খন্দকার, আবুল ফাতাহ মাসুদ, জিহান মাহমুদ, হাফেজ মোবারক হোসেন ও মো. জসিম উদ্দিন প্রমুখ।

এদিকে, একই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে আয়োজিত নির্বাচনি পদযাত্রা ও সমাবেশেও প্রধান অতিথি ছিলেন আসিফ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।