বরিশালে যাত্রীবাহী বাস ডোবায়, চালকের সহকারী নিহত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলায় লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ডোবায় পড়ে গেছে। দুর্ঘটনায় চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা।
নিহত চালকের সহকারী (হেলপার) হলেন জিহাদ সরদার (২৫)। তিনি বগুড়ার সোনাতলা থানার বালিয়াখালী এলাকার সবুর সরদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা বলেন, লাবিবা পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে ৩৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে পৌঁছালে বিপরীতমুখী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে পড়ে। তখন মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক বাসটি সড়কের পাশে নামিয়ে দেন। এ সময় বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।
এসআই বলেন, যাত্রীরা কেউ গুরুতর আহত হননি। তবে বাসের নিচে চাপা পড়েন হেলপার জিহাদ। বিকাল ৩টার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে হেলপার জাহিদের লাশ উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবার এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।