কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে দুই নারী আহত

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে দুই নারী আহত
আহত দুই নারীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক স্থানে শিয়ালের আক্রমণে দুই নারী আহত হয়েছেন। এর মধ্যে রোকেয়া খাতুন নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়েছে। অপর আহত চন্দনা রানী প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকায় এ দুটি ঘটনা ঘটে। আহত রোকেয়া খাতুন ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটারী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হলে হঠাৎ একটি শিয়াল রোকেয়া খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় শিয়ালটি তার মুখমণ্ডল, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন।

পরে পরিবারের সদস্যরা আহত রোকেয়া খাতুনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

একই দিন সকালে উপজেলার একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার বাসিন্দা চন্দনা রানী (৩৯) বাড়ির হাঁসকে খাবার দিতে গিয়ে আরেকটি শিয়ালের আক্রমণের শিকার হন।

চন্দনা রানীর স্বামী সন্তোষ চন্দ্র রায় বলেন, হাঁসকে খাবার দেওয়ার সময় হঠাৎ একটি শিয়াল তার স্ত্রীর ওপর আক্রমণ করে। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করেন। চিকিৎসা শেষে দুপুরে তিনি বাড়ি ফিরে যান। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, শিয়ালের আক্রমণে আহত দুই নারীর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। অপরজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।