ফেনীতে এনজিওর টাকা আত্মসাতের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে এনজিওর টাকা আত্মসাতের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
গ্রেপ্তার মো. এফতাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় ‘আম্বালা ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ২১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত ও ওই এনজিওর ব্যবস্থাপক মো. এফতাদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে আত্মসাৎ করা টাকার মধ্যে ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে ঢাকার সাভার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এনজিওর বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন এফতাদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঢাকার সাভারে অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, এনজিওর টাকা আত্মসাতের অভিযোগে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা টাকাসহ আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :ফেনী