যৌথ অভিযানে আটক ১/নাফ নদ সাঁতরে মিয়ানমার থেকে পাচারকারীরা আনে প্রায় চার লাখ ইয়াবা

মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে পাচারকারীরা বস্তাভর্তি মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের আটক করতে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। টের পেয়ে তিন লাখ ৯০ হাজার ইয়াবা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক পাচারকারিরা। ধাওয়া দিয়ে একজনকে আটক করে যৌথ বাহিনী।
সোমবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া চার নম্বর ব্রিজের এক নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদের তীরে এ যৌথ অভিযান চালানো হয়।
আটক পাচারকারী মো. ইদ্রিস টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে যৌথ অভিযান চালানো হয়। বিজিবির টহল দলের সদস্যরা থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করেন। সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। আভিযানিক দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বড় আকারের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে পাওয়া যায় তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা। এই মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৭০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
