logo

দিনাজপুর /শিশু নিখোঁজের জেরে সড়ক অবরোধ, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন

শিশু নিখোঁজের জেরে সড়ক অবরোধ, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন
দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি : এশিয়া পোস্ট

দিনাজপুর সদর উপজেলায় চার বছর বয়সি এক শিশু নিখোঁজের ঘটনায় শিশুটির মা ও তার কথিত প্রেমিকের শাস্তির দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর এবং বাড়ির মালামালে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী বাজার এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বিকেল ৪টার দিকে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানা-পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নশিপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে জিন্নাতুনের (১৯) সঙ্গে একই এলাকার মৃত নেপাল টুডুর ছেলে রিপন টুডুর (৩৫) সম্পর্ক ছিল বলে স্থানীয়দের দাবি। জিন্নাতুনের আগে অন্যত্র বিয়ে হয়েছিল এবং পরে তাদের বিচ্ছেদ হয়। তার চার বছর বয়সি মেয়ে রাকিবা আক্তার রুহি।

জিন্নাতুনের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে রিপন টুডুর সঙ্গে তার সম্পর্ক ছিল। তিন দিন আগে তিনি রিপনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, রিপন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গত ৫ জুন তার চার বছর বয়সি মেয়ে রুহিকে হত্যা করে অজ্ঞাত স্থানে মাটিচাপা দেন।

এ অভিযোগ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী রিপন টুডুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তার মোটরসাইকেলটি নশিপুর জামতলী বাজার এলাকায় মহাসড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাকিবা আক্তার রুহিকে অপহরণের পর হত্যা করা হয়েছে। তাদের দাবি, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও এখনও মামলা হয়নি এবং অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানা-পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে বিকেল ৪টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, কয়েক দিন আগে জিন্নাতুন থানায় একটি অভিযোগ করেছিলেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত রিপনকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য জিন্নাতুনকে থানায় আসতে বলা হয়েছিল। কিন্তু এরপর থেকে তিনি থানায় আসেননি। তিনি রিপনের সঙ্গে চলে গেছেন বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।