সড়কে প্রাণ গেল সড়ক বিভাগের ইঞ্জিনিয়ারের

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের সাত বছর বয়সি শিশুকন্যা রুমাইসা জামান গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাশেদুজ্জামান সড়ক বিভাগের মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশনে দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি পরিবার নিয়ে মহাদেবপুরে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাশেদুজ্জামান নওগাঁ শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পরিবারসহ মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রকৌশলী রাশেদুজ্জামান নিহত হন। এ ঘটনায় তার শিশুসন্তানসহ অটোরিকশার ৪ যাত্রী আহত হয়েছেন।
নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার নিয়ে মহাদেবপুর ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। সহকর্মীর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় তার স্ত্রী শঙ্কামুক্ত থাকলেও ৭ বছরের শিশুকন্যা রুমাইসা মারাত্মক আহত হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

