logo

জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর

জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউসে দলটির কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুরের শিকার গাড়িটি মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবের বলে জানা গেছে।

জানা গেছে, মহানগর জামায়াতের আসন্ন কমিটি গঠন নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এরই মধ্যে দলীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ঘটনার সময় দলীয় কার্যালয়ের ভেতরে কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। এ সময় বাইরে থাকা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবের গাড়িটি কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক গোলাম সামদানি ভাঙচুর করেছেন বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে গোলাম সামদানির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে তিনি শুনেছেন। মহানগর জামায়াতের কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ মামলা করতে চাইলে পুলিশ মামলা নেবে।