logo
Advertisement

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু
মারা যাওয়া বৃদ্ধ আমিন উল্যাহ হাওলাদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যাহ হাওলাদার নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

শুক্রবার (২২ আগস্ট) রাতে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে দখলে থাকা নাল জমিতে ধান চাষ করতে যান আমিন উল্যাহ ও তার পরিবারের সদস্যরা। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আমিন উল্যাহসহ পরিবারের আটজন আহত হন।

আমিন উল্যাহ, তার দুই ছেলে আনোয়ার হোসেন ও জাকের হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমিন উল্যাহ ও আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিন উল্যাহর মৃত্যু হয়।

আহত জাকের হোসেন অভিযোগ করে বলেন, তাঁরা কয়েক যুগ ধরে পৈতৃক সম্পত্তিতে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পক্ষ ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছে। এ নিয়ে মামলা চলমান থাকলেও জমিতে কোনো নিষেধাজ্ঞা নেই।

জাকের হোসেন বলেন, ‘গত ১২ আগস্ট অন্যান্য বছরের মতো রোপা আমনের চারা লাগাতে গেলে একরাম, আহছান উল্যাহ, ইয়াকুব, ফয়েজ উল্যাহ, সিরাজ, সালাউদ্দিন খোকন, ইসমাইল, আফসার ও সাহাব উদ্দিনসহ ৩০ থেকে ৪০ জন আমাদের ওপর হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পরিবারের আটজনকে আহত করেন।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত আমিন উল্যাহ হাওলাদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওসি বলেন, এ ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা করেছে। নিহতের পক্ষের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া বিবাদী পক্ষের একজনও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয় :