শিল্পকলার বদলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এনসিপির সভা

ব্রাহ্মণবাড়িয়ায় বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভার স্থান পরিবর্তন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির পরিবর্তে এখন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হবে দলটির সমাবেশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপি নেতৃবৃন্দ ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে কওমি মাদরাসার শিক্ষার্থীরা জেলা শিল্পকলা একাডেমিতে পূর্বে ঘোষিত তাদের কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তারা জানান, এনসিপির কর্মসূচিতেও কোনো ধরনের বাধা দেওয়া হবে না।
এর আগে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্যদিকে একই স্থানে বিকেল ৩টায় কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ’। স্থান এক হওয়ায় এ নিয়ে জেলাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমির ভেন্যু বাতিলের কথা জানানো হয়। এরপর দুই পক্ষের মধ্যস্থতায় বৈঠক অনুষ্ঠিত হলে পরিস্থিতি শান্ত হয় এবং এনসিপির সভার নতুন ভেন্যু হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর নির্ধারণ করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠানটি হচ্ছে না। কওমি শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা হওয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তাদের সভা করার অনুমতি দেওয়া হয়েছে।



-34f4fc.jpg)