logo

সাড়ে তিন হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

সাড়ে তিন হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

জামালপুরের মেলান্দহে ৩ হাজার ৬০০টি ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌর ব্রাহ্মণপাড়া এলাকার আয়ুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবদল নেতা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে আয়ুব আলী। তিনি আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এ সময় উপজেলার গুজামানিকা এলাকার মো. আল আমিন শিপু নামে আরেক যুবককেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ১ লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. খসরূল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন, বিষয়টি শুনেছি, সাংগঠনিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া চলছে। মাদকসহ যারা অন্যায় কাজে জড়িত, তাদের কউকে ছাড় দেওয়া হবে না।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. খসরূল আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ব্রাহ্মণপাড়া এলাকাসহ কয়েকটি স্থানে নিয়মিত মাদক বিক্রি হচ্ছে। পরে আমরা অভিযান চালিয়ে সেখান থেকে ৩ হাজার ৬০০টি ইয়াবা, নগদ টাকা ও দুটি মোবাইলসহ দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।