logo
Advertisement

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় রক্তদাতা সংগ্রহে ছাত্রদল

এশিয়া পোস্ট নিউজ,খুলনা
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় রক্তদাতা সংগ্রহে ছাত্রদল
ছাত্রদলের উদ্যোগে রক্তদাতা সংগ্রহ কার্যক্রম। রোববার খুলনায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রাঙ্গণে। ছবি: এশিয়া পোস্ট

খুলনায় ডেঙ্গুর প্রকোপের মধ্যে আক্রান্ত রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহ ও জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছে খুলনা মহানগর ছাত্রদল। নগরীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার শুরু করেছে সংগঠনটি।

Advertisement

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, ডেঙ্গু প্রতিরোধ করি’—স্লোগানকে সামনে রেখে একই সময়ে নগরীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি শুরু হয়।

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মহানগর ছাত্রদল।

কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গত দুই মাস ধরে খুলনা মহানগর ও জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ রয়েছে। এ অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করতে ছাত্রদলের এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে নগরীর সাতটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদাতার তালিকা তৈরি ও ব্লাড ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এস এম শফিকুল আলম মনা বলেন, ডেঙ্গু মোকাবিলায় খুলনা মহানগর বিএনপিও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে কল সেন্টার ও হেলথ সেন্টার চালু করা হয়েছে। সেখানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চিকিৎসাসেবা দিচ্ছে।

এ ছাড়া রকিবুল ইসলাম বকুলের ব্যক্তিগত উদ্যোগে একটি বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫০টি অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। নগরীর বিভিন্ন এলাকায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব হাবিবুর রহমান বিপ্লব। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।

অনুষ্ঠানে সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক এফ এম আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ভূইয়া এমদাদুল হক উপস্থিত ছিলেন।

বিএল কলেজ ছাড়াও খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, এম এম সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও হাজী মোহাম্মদ মহসিন কলেজে একই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিটি ক্যাম্পাসে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা এবং জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ করা হয়। এসব বুথ থেকে প্রতিদিন রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী রক্তদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ছাত্রদল।

অনুষ্ঠানে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আল আমিন, সদস্যসচিব ডা. এস এম কামরান হোসেন ও ডা. সুদীপ্ত কুমার পালসহ চিকিৎসক, বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় :