বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগডেমরা, করমজা, ধুলাউরি ইউনিয়নের পৃথক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামাণিকের ছেলে আকরাম হোসেন, নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজার পাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ, অপরজন ধুলাউরি ইউনিয়নের কৃষকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাত হয়। তবে তখন কোনো বৃষ্টি হচ্ছিল না। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই সময়ে পেঁয়াজ তুলতে গিয়ে একই উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা কৃষ্টিয়া পাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজন ধুলাউরি ইউনিয়নের কৃষক মাঠে কাজ করতে গিয়ে ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, বজ্রপাতে সাঁথিয়ায় পৃথক স্থানে তিন কৃষক মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, বিষয়টি আসলেই মর্মান্তিক। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।