খেলা নিয়ে বিরোধের জেরে আশুলিয়ায় ২ যুবককে কুপিয়ে জখম

অনলাইন গেম ফ্রি-ফায়ার ও পাবজি খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে আশুলিয়ায় দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার বুড়িপাড়া লালপাহাড় এলাকার সালাম মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, রংপুর জেলার গংগাচড়া থানার গজঘাটা ইউনিয়নের মো. মজিদুল ইসলাম (২২) ও শাওন (২০)। তারা আশুলিয়ার সালাম মোল্লার বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। মজিদুল ও শাওন সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাম মার্কেট এলাকায় কয়েকজন তরুণের মধ্যে ফ্রি-ফায়ার ও পাবজি খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলমগীর নামের এক তরুণের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে মজিদুল ও শাওনের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়রা তাদের দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান।
আহত মজিদুল ইসলামের বাবা কামাল জানান, তাদের দুজনকে প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেকে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। থানায় লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু হবে। হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য এর মধ্যেই একটি টিম পাঠানো হয়েছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।


