logo

উপজেলা পরিষদের পুকুরে ভাসছিল নারীর মরদেহ

উপজেলা পরিষদের পুকুরে ভাসছিল নারীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয়দের নজরে আসার পর বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নান্নু মিয়া জানান, উদ্ধার হওয়া মরদেহ কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে শরীরে পচন শুরু হয়েছে, যা থেকে বোঝা যায় মৃত্যুর সময় চার থেকে পাঁচ দিন আগে হতে পারে।

পুলিশ বলছে, মৃত নারীর বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।