Advertisement

গাজীপুরে হাজত থেকে পুলিশের সামনেই পালালেন ডাকাতি মামলার আসামি

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে হাজত থেকে পুলিশের সামনেই পালালেন ডাকাতি মামলার আসামি
পলাতক আসামি সম্রাট। ছবি: সংগৃহীত

গাজীপুরের আদালতের হাজতের সামনে থেকে সম্রাট নামের ডাকাতি মামলার আসামি পালিয়েছেন। সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে। পালিয়ে যাওয়া আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে ডাকাতি মামলার ৬ জন আসামিকে আদালতে নেওয়ার জন্য হাজতে নেওয়া হয়। হাজতে নেওয়ার পর একাধিক ডাকাতি মামলার আসামি সম্রাট পালিয়ে যায়। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছে।

পুলিশ জানায়, হাজতে নেওয়ার পর রুমে রেখে পুলিশ সদস্যরা বাইরে আসে। তবে ডাকাতের হাত অনেক চিকন ছিল মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হাতকড়া খুলে পালিয়ে যায়। হাজতের একটি সিসি ফুটেজ চেক করে দেখা যায় তিনি দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিক পুলিশ তাকে ধরতে ছুটে গেলেও আর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হাজত থেকে আসামি পালিয়ে গেছে। সেখানে আমাদের পুলিশ ও কোর্ট পুলিশও ছিল। আমরা ওই আসামিকে ধরতে কাজ করছি।