মঞ্চে প্রধানমন্ত্রী, লোকারণ্য জনসভাস্থল

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টা ৫০মিনিটের দিকে তিনি মঞ্চে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম জনসভা। এর আগে ২৯ জানুয়ারি একই মাঠে নির্বাচনি জনসভা করেছিলেন তিনি।
তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়ায় তার আগমন উপলক্ষে এ জনসভার আয়োজন করে জেলা বিএনপি। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। বিকেল ৩টার মধ্যেই মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন অনেকে।
এর আগে, গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’তে কিছু সময় অবস্থান করে জনসভাস্থলে আসেন তারেক রহমান।