logo

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। 

পরিবার সূত্রে জানা যায়, নিহত দ্বীন ইসলাম তার পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্থানীয়ভাবে কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি কিছুদিন কুমিল্লা শহরে বসবাস করছিলেন এবং ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়।

এরপর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাঙ্গরা থানা পুলিশ তাকে উদ্ধার করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্থানীয়রা বলছেন, দ্বীন ইসলামও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক ব্যবসার পূর্বশত্রুতার সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মন্তব্য করেছেন তারা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।