সুরমা নদীতে ভাসছিল গলায় গামছা প্যাঁচানো যুবকের মরদেহ

সুনামগঞ্জ শহরতলীর শ্রীপুর এলাকার সুরমা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পেছনে সুরমা নদী থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পিরিছপুর গ্রামের লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। ভেসে যাওয়ার সময় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে। তার গলায় গামছা প্যাঁচানো, গায়ে ফুল হাতা শার্ট ও পরনে হাফপ্যান্ট রয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশের সীমান্ত এলাকা বা ভারতের কোনো এলাকার হতে পারে। পাহাড়ি ঢলে মরদেহটি সুরমা নদীতে এসেছে।
তিনি আরও জানান, রহস্য উদ্ঘাটন ও পরিচয় শনাক্ত করার জন্য ময়নাতদন্ত করতে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পিবিআই সিলেট অফিসকে জানানো হয়েছে।
.png)






