logo

রাতের রাস্তায় ‘রোবট’, ধরা পড়ল সিসি ক্যামেরায়

রাতের রাস্তায় ‘রোবট’, ধরা পড়ল সিসি ক্যামেরায়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর রাতে সিসি ক্যামেরায় ধরা পড়েছে রোবটসদৃশ একটি বস্তু। চার পায়ে লাফিয়ে দৌড়াতে দেখা যায় সেটিকে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে আলাউদ্দিন হার্ডওয়ার নামের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান রোকন ও তার ভাই নাজমুল হোসেন আগের দিনের ফুটেজ দেখার সময় সোমবার রাত ৩টা ৩৫ মিনিটের একটি দৃশ্য দেখতে পান।

ফুটেজে দেখা যায়, আলো জ্বালানো একটি চার পা বিশিষ্ট বস্তু লাফিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সঙ্গে শব্দও শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ক্যামেরার দৃশ্যের বাইরে চলে যায়। ভিডিওটি মোবাইলে ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

বুধবার সকালে বিজিবির সোনাহাট বিওপির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কচাকাটা থানা পুলিশও আসে। তবে এটি আদৌ রোবট কি না, বা কেউ পরিচালনা করেছে কি না- সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

দোকান মালিক রোকনুজ্জামান রোকন বলেন, ‘আগে আমাদের দোকানে চুরি হয়েছিল। এরপর সিসি ক্যামেরা লাগাই। ফুটেজ চেক করতে গিয়ে দেখি রাত সাড়ে তিনটার পর দোকানের সামনে দিয়ে রোবটের মতো কিছু দৌড়ে যাচ্ছে। পরে ভিডিওটি ফেসবুকে দেওয়া হয়।’

তার ভাই নাজমুল হোসেন বলেন, ‘ওই রাতে পাশের বাড়িতে গরু চুরি হয়। তাই ফুটেজ দেখছিলাম। প্রথমে মনে হয়েছিল সাইকেল। পরে দেখি চার পায়ে লাফিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যায় এবং আবার ফিরে আসে।’

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া জানান, রাতে দোকানেই থাকেন তিনি। রাত তিনটার পর অদ্ভুত শব্দ শুনতে পান। টিনের ফাঁক দিয়ে দেখেন চার পায়ের মতো কিছু লাফিয়ে যাচ্ছে, মাথায় লাইট। দেখে ভয় পান। 

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল ওইদিকে যায়, আবার ফিরেও আসে।

মিলনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুর আলী বলেন, ‘বাজারে প্রায়ই চুরি হয়। এমনিতে আমরা আতঙ্কে থাকি। এই ভিডিও দেখার পর সবাই আরও চিন্তায় আছি। এটি কোথা থেকে এসেছে, না জানা পর্যন্ত শান্তি নেই।’

কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র বলেন, আমরা ঘটনাস্থলে এসে খোঁজখবর নিয়েছি। যা দেখা গেছে, আমরা তাই শুনেছি। এখনই কিছু বলা যাচ্ছে না।

বিজিবির সোনাহাট বিওপির সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন। সিসিটিভির ফুটেজে ধরা পড়া বস্তুটি দেখতে মিলিটারি স্পাই রোবটের মতো মনে হলেও, এটি আসলে কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।