logo
Advertisement

মাগুরায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,মাগুরা
মাগুরায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার আবুল কাশেম। ছবি : এশিয়া পোস্ট

মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পোড়াগাছি এলাকায় ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার কাশেম পোড়াগাছি এলাকার একটি চালকলের (রাইস মিল) শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই চালকলে ধান ভাঙানোর পাশাপাশি নারকেলের তেল উৎপাদন করা হয়। নারকেলের খৈল সংগ্রহ করতে স্থানীয় শিশুরা প্রায়ই ওই মিলে যাওয়া-আসা করত। মঙ্গলবার দুপুরে পাঁচ বছর বয়সি শিশুটি খৈল আনতে মিলে গেলে ফাঁকা স্থানে তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান কাশেম। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) ইকরামুল হুদার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সত্যতা যাচাই শেষে অভিযুক্ত কাশেমকে আটক করে থানায় নিয়ে যায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনার পরপরই জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পর আটক কাশেমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।