বিশ্বে জ্বালানির দাম বাড়লেও দেশে তাৎক্ষণিক প্রভাব পড়েনি: বাণিজ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে তাৎক্ষণিক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। সরকার তাৎক্ষণিকভাবে দেশের বাজারে এর প্রভাব পড়তে দেয়নি। ক্রুড অয়েলের দাম ৫৫-৬০ থেকে বেড়ে ১১৬ ডলারে পৌঁছাছে। বাংলাদেশে সরকার আগের দাম ধরে রেখেছে। যতদিন সম্ভব এই স্থিতিশীলতা বজায় রাখা হবে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটে নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত জানিয়েছে সরকার—এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সবাই সতর্ক থাকলে অহেতুক বিপদে পড়ব না। সবই স্বাভাবিক থাকবে। ছয়টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। সে সময় বিদ্যুৎ সাশ্রয় করতে পারলে বাড়তি খরচ থেকে রক্ষা পাব। এই সেভিংসটা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব।
তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। এসব প্রতিপালনে শৃঙ্খলবোধের পরিচয় দিতে হবে। সরকারের উদ্যোগগুলো নেওয়া হয় সম্মিলিতভাবে, সেটা প্রতিপালন করে বাস্তবায়ন করব।
এলপিজির দাম বৃদ্ধির বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সৌদি আরবসহ আমদানি করা দেশেগুলোতে দাম বেড়েছে। যে কারণে দেশেও বৃদ্ধি পেয়েছে।
জ্বালানি নিয়ে অহেতুক আতংকিত হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলে জ্বালানি তেলের দামও স্থিতিশীল থাকবে। শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই। কারণ যেসব শিল্প গ্যাসে পরিচালিত হয় সেগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করে অন্য হিসাব করা হয়।
জাপানের সঙ্গে একটি ইকোনমিক পার্টানারশিপ চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সেটি এখনও পার্লামেন্টে পাস হয়নি। পাস হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আগামীতে জাপানি বিনিয়োগ বেশি বেশি আকৃষ্ট করতে পারব। আমরা অনেকগুলো দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও ভিন্ন দেশে আমাদের পণ্য প্রবেশের ক্ষেত্রে প্রেফার ট্রিটমেন্ট পাব।
উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশসহ প্রতিদ্বন্দ্বী অনেক দেশের রপ্তানি কমেছে জানিয়ে তিনি বলেন, তবে নতুন বাণিজ্য চুক্তি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। এলপিজি গ্যাস, জ্বালানি তেলসহ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার।
এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে আসেন। পরে তিনি নগরীর পীরমহল্লা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি নিজ বাসভবনে বিকাল ৪টায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।