logo
Advertisement

জয়পুরহাটে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ক্ষেতলাল, জয়পুরহাট
জয়পুরহাটে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২
খবর পেয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে। ছবি: এশিয়া পোস্ট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুন্না, পলাশ, শহীদ, জিয়াউল ইসলাম, সুজাউল ইসলাম, সিহাব ও মোরাদ হোসেন, হাসান আলী, কামরুল ইসলাম, নূরুল আলম মণ্ডল, আবুল কাশেম ও তছলিম।

আহতরা ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাছ চাষি হাসান আলী জানান, পুকুর থেকে মাছ ধরা হচ্ছিল। নওটিকা গ্রামের মুরাদ ও আ. আলিমের নেতৃত্বে তার কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ বহনকারী পিকআপে হামলা, চাকার ক্ষতি ও কাচ ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে তার জামাইসহ সঙ্গে থাকা লোকজনের ওপরও হামলা চালানো হয়।

অভিযোগের বিষয়ে আ. আলিম বলেন, পুকুরের মালিকের কাছ থেকে এক বছরের জন্য লিজ নিয়েছি। আমি পুকুরে মাছ ছেড়েছি। অপর পক্ষ ক্ষমতার জোর দেখিয়ে মাছ ছেড়েছে। ৬ সেপ্টেম্বর তারা রাতের বেলা মাছ ধরলে আমি থানায় অভিযোগ করি। থানা থেকে জানানো হয় উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসবে। কিন্তু মঙ্গলবার রাত ১০ টার সময় তারা প্রায় শতাধিক লোক নিয়ে মাছ ধরতে আসলে গ্রামের ব্রীজ ভাংগা নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।