সরকারের সমালোচনা করলেই স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার: নাহিদ ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, এ ধরনের গ্রেপ্তার মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুরে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতি চলতে থাকলে আগামী রমজানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি।
শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব পেশার মানুষের বেতন-ভাতার মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

