logo

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না মেহরাজের

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না মেহরাজের
রামগঞ্জ থানা। ছবি: এশিয়া পোস্ট

এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ হারিয়েছে ১০ বছরের শিশু মেহরাজ হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলিপুর গ্রামের কচুয়া বাজারের সামনে (কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহরাজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীবতলী ইউনিয়নের বিজয়নগর গ্রামের মেজবা উদ্দিন ও শারমিন সুলতানা দম্পতির ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল মেহরাজ। এ সময় একটি অজ্ঞাত নোহা গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) নূর মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে পৌঁছে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

স্বজনরা জানান, মেহরাজের মা শারমিন সুলতানা কচুয়া বাজারের আলহেরা ইসলামি একাডেমির সহকারী শিক্ষিকা। তিনি পরিবার নিয়ে ওই প্রতিষ্ঠানের ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাটি রামগঞ্জ থানা এলাকায় ঘটেছে। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।