Advertisement

সুনামগঞ্জে ভারতীয় জিরা ও ফুসকাসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে ভারতীয় জিরা ও ফুসকাসহ গ্রেপ্তার ২
ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা পিকআপভর্তি ভারতীয় জিরা ও ফুসকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Advertisement

গ্রেপ্তাররা হলেন—পিকআপচালক মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমোশুরা গ্রামের বিল্লাল খাঁর ছেলে সজীব হোসেন (২৪) এবং তার সহযোগী ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বর গ্রামের মনির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) সকালে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পলাশ এলাকা থেকে পিকআপযোগে এসব ভারতীয় পণ্য পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ পিকআপটি জব্দ করে এবং দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জব্দ করা চালানের মধ্যে ৩৭ বস্তা জিরা ও ৩২ বস্তা ফুসকা রয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য নির্ধারণ এবং আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. সাব্বির আহসান জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা জিরা ও ফুসকা পিকআপে করে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পলাশ এলাকা থেকে মালামালসহ দুইজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।