logo

ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার
ইয়াবাসহ গ্রেপ্তার সুমন চক্রবর্তী। ছবি : এশিয়া পোস্ট

ঝালকাঠি সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় ইয়াবাসহ মন্দিরের পুরোহিতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৭ জুন) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৬৪ বাহের রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন চক্রবর্তী (৪১) ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় কালীমন্দির এলাকার মৃত তারাপদ চক্রবর্তীর ছেলে ও কালীবাড়ি মন্দিরের পুরোহিত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন চক্রবর্তী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই (নি.) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। এদিকে মাদকসহ গ্রেপ্তারের খবর প্রকাশের পর মন্দির কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে তাকে পুরোহিতের দায়িত্ব থেকে বহিষ্কার করে।

কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অসীম রঞ্জন রায় বলেন, সুমন চক্রবর্তী মাদক কারবারে জড়িত ছিলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। গ্রেপ্তারের খবর পাওয়ার পরপরই কমিটির সিদ্ধান্তে তাকে পুরোহিতের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।