হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ শিশু ভর্তি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ১২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯২ শিশু।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৫৯২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ২ হাজার ৪৪০ শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৬০ শিশুর মৃত্যু হয়েছে।
ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান আরও বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকেই শিশুদের জরুরি মুহূর্তে নিয়ে আসেন। ফলে তাদের সুস্থ করা কঠিন হয়ে পড়ে। হামের উপসর্গ দেখা দিলে শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে এবং হাসপাতালে নিয়ে আসতে হবে।





